যশের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় টাকা পাঠানোর দাবি দিলীপ ঘোষের

বঙ্গ বিধানসভা নির্বাচন ইস্তক শাসক-বিরোধী দ্বন্দ্ব সেই রকম ভাবে প্রকট হয়ে দেখা দেয়নি রাজ্যে। উল্টে ঘূর্ণিঝড় যশের মোকাবিলা করতে ভালো রকম প্রস্তুতি নিয়েছে রাজ্য বলে প্রশংসা করেছিলেন বঙ্গ বিজেপি অধ্যক্ষ দিলীপ ঘোষ।

তবে এবার পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি ফিরল নিজেদের কাজে।  যশের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের আগের দিন ক্ষতিপূরণ নিয়ে গুরুত্বপূর্ণ দাবি তুললেন রাজ্য বিজেপি সভাপতি।

এদিন সাংবাদিক বৈঠক করে তিনি দাবি তোলেন, যশের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের হাত না ঘুরে সরাসরি কেন্দ্রীয় ক্ষতিপূরণের টাকা যেন‌ও পাঠানো হয়।

নিজের বক্তব্যে গতবছর আমফান দুর্নীতির কথা তুলে ধরেন তিনি।‌ জানান, আমফানের ক্ষতিপূরণের টাকা এখন‌ও পর্যন্ত হাতে পাননি ক্ষতিগ্রস্তরা। তার জন্য‌ই দক্ষিণ ২৪ পরগনায় মন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সন্দেহ প্রকাশ করে দিলীপবাবু এদিন বলেন, ‘কাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৩৪টা বাঁধ ভেঙে গেছে। আমি জানি না সেই বাঁধের তালিকা আছে কি না। কীসের ভিত্তিতে তিনি একথা বলেছিলেন তার কোনও সূত্র আমরা পাইনি।’

আমফানের মতো চলতি বছরের ঘূর্ণিঝড়ে‌র ক্ষতিপূরণে‌ও দুর্নীতির আশঙ্কায় সরব হয়ে দিলীপবাবু জানিয়েছেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারকে ক্ষতিপূরণ দিতে বারন করছি না। কিন্তু চাইছি কেন্দ্রীয় সরকার টাকা দিক সরাসরি। পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্তদের যে তালিকা পাঠাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা পাঠাক কেন্দ্রীয় সরকার। ক্ষতিপূরণ যারা পাবেন, তাদের তালিকা যেন‌ও ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দেওয়া হয়। যাতে সবাই জানতে পারে, আসল ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেল কি না।’

এবার দেখা যাক প্রধানমন্ত্রী,  দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী কাজ করেন নাকি রাজ্য সরকারের হাতেই ক্ষতিপূরণের টাকা তুলে দেন।

RELATED Articles