ভরা বর্ষাকাল চললেও এতদিন মুষলধারে বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গ। গতকাল, মঙ্গলবার দফায় দফায় বৃষ্টি হয়েছে নানান জেলায়। আজ, বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। চলছে বিক্ষিপ্ত বৃষ্টিও। এরই মধ্যে এবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আজ, বুধবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়।
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
আবহাওয়া দফতরে সূত্রে খবর, আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামীকাল অর্থাৎ ২৭ জুলাই থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। দার্জিলিং,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু’ এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকের এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে এখনই মুক্তি নেই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে। কলকাতায় মূলত মেঘলাই থাকবে আকাশ। মাঝেমধ্যে হালকা-মাঝারি বৃষ্টি হবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে ভ্যাপসা গরম। তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়, এমনটাই জানা গিয়েছে।
আজ, বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৬৬ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।





