ডিসেম্বরের মাঝামাঝি সময় করেই বঙ্গ থেকে উধাও হয়ে গিয়েছিল শীত। বড়দিন ও বর্ষবরণ কেটেছে নরমে-গরমেই। তবে নতুন বছরের দ্বিতীয় দিনে নামল তাপমাত্রা। কলকাতা-সহ নানান জেলাতেই এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা নেমেছে। এরই মধ্যে আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হঠাৎ কেন আবহাওয়ার এমন মুড স্যুইং?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কার্যত পশ্চিমী ঝঞ্ঝা কারণেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে পুবালী হাওয়ার দাপট বেড়েছে। উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব কমেছে। এই কারণে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।
তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা একটু নেমেছে। আজ, সঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ।
তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার ফের পরিবর্তন ঘটবে বলে জানা আবহাওয়া দফতর। নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টি হতে পারে রাজ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি। ঘন কুয়াশার দাপটও থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা সব থেকে বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। এর সঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।





