কাটবে ভ্যাপসা গরম, বাতাসে অবশেষে মিলবে পুজো পুজো আমেজ, সপ্তাহান্তে শেষ মুহূর্তের শপিংয়ে জমে ক্ষীর

পুজোর আর বেশিদিন বাকি নেই। ঢাকে কাঠি পড়ল বলে। এখন চারিদিকে শুধু আগমনীর সুর। নদীর পাড়ে কাশফুলের দেখা মিললেও আকাশে পেঁজা তুলোর মেঘের দেখা মিলছে না। বিগত কয়েকদিনে কালো মেঘের ঘনঘটা কাটিয়ে আকাশে এখন কাঠফাটা রোদ। পুজোর আমেজ কোথায়?

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। আপাতত উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া বাকি রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমতে শুরু করবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা পতনের প্রক্রিয়া শুরু হবে। ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। মহালয়ার দিন থেকেই পুজোর আমেজ থাকবে আকাশে-বাতাসে।  

জানা গিয়েছে, আজ, বুধবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতায় মাঝে মধ্যে মেঘের দেখা মিললেও বৃষ্টি হবে না। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এদিন। আগামীকাল থেকে একটু একটু বদলাতে শুরু করবে আবহাওয়া।

গতকাল, মঙ্গলবার দুপুরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ ও  সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানাল হাওয়া অফিস।

কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে?

হাওয়া অফিসের কথা অনুযায়ী, এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। মালদহ ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED Articles