পার্থর সঙ্গিনী অর্পিতা ভুগছেন প্রবল দাঁতের সমস্যায়, জেল হাসপাতালের বাইরে চিকিৎসা করানো যেতে পারে, নির্দেশ আদালতের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় দেড় বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গিনী অর্পিতা মুখোপাধ্যায়। আলিপুর মহিলা সংশোধনাগারেই রয়েছেন তিনি। গত বছরের দুর্গাপুজো কেটেছে জেলের মধ্যেই। তবে এবার হয়ত জেল থেকে বাইরে বেরোতে পারেন অর্পিতা।

জেলের মধ্যে সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে আদালতে নালিশ জানান অর্পিতা। নিয়োগ দুর্নীতি মামলার গতকাল, মঙ্গলবার ভারচুয়ালি আদালতে পেশ করা হয়েছিল অর্পিতাকে। এই সময় তিনি বিচারককে চিকিৎসা পরিষেবা নিয়ে নালিশ জানান। তাঁর কথায়, তাঁর প্রচণ্ড দাঁতের সমস্যা থাকলেও যথেষ্ট চিকিৎসা হচ্ছে না তাঁর। যদিও এদিন জামিনের আবেদন করেন নি অর্পিতা।

গতকাল, মঙ্গলবার নিয়োগ দুর্নীতির মামলায় ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ‌্যায়, তাঁর সঙ্গিনী অর্পিতা মুখোপাধ‌্যায়, কুন্তল ঘোষ, মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্যকে ভারচুয়ালি পেশ করা হয়। তবে এদিন আদালতে সশরীরে হাজিরা দেন অয়ন শীল, শান্তনু ভট্টাচার্য। পার্থ, অর্পিতা-সহ ইডির মামলার অভিযুক্তদের আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবারের পুজোটাও জেলের মধ্যেই কাটবে পার্থ-অর্পিতার।

তবে এদিন ভারচুয়ালি আলিপুর মহিলা জেল থেকে অর্পিতা বিচারককে জানান, তাঁর দাঁতে প্রচণ্ড ব‌্যথা। জেলে উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। তিনি যন্ত্রণায় ভুগছেন। সেই কারণেই জেলের আধিকারিককে বিচারক নির্দেশ দেন যে প্রয়োজন পড়লে জেল হাসপাতালের বাইরে দাঁতের চিকিৎসা করাতে পারেন অর্পিতা। অন‌্য অভিযুক্তরা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন, সেই কারণে ইডির বিশেষ আদালতে এদিন জামিনের শুনানি হয়নি তাদের।

RELATED Articles