আবহাওয়ার মুড সুইং! গতকাল বাড়ার পর আজ হঠাৎই পতন তাপমাত্রার, উইকেন্ডে মনোরম আবহাওয়া উপভোগ করবে বঙ্গবাসী

গতকাল একটু বেড়েছিল তাপমাত্রা। এরপর আজ, বৃহস্পতিবার ফের নামল কলকাতার পারদ। সকালে কুয়াশা ছিল ঠিকই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়েছে আকাশও। উইকেন্ডে দারুণ আবহাওয়া উপভোগ করবে বঙ্গবাসী। দিনের সর্বনিম্ন তাপমাত্রা কম থাকলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলেই খবর।  

কেমন তাপমাত্রা ছিল গত কয়েকদিনে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার একধাক্কায় ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় গত ১৩ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তাপমাত্রার পারদের হিসেব অনুযায়ী, ১৩ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবার ১৮ জানুয়ারি তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবার ২১ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবার ২২ জানুয়ারি তাপমাত্রা পৌঁছয় ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। ২৩ জানুয়ারি ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৫ জানুয়ারি অর্থাৎ আজ আবার তাপমাত্রা একটু কমে দাঁড়াল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে।

বৃষ্টি কী হবে এর মধ্যে?

আবহাওয়া দফতর সূত্রে খবর। বাংলায় ফের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আবার ঝাড়খণ্ড-ছত্তিসগড়ের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বাংলায়। প্রজাতন্ত্র দিবসেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে।

কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে?

হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি শুকনো থাকলেও উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজবে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলা শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। আবার দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles