বছরের শেষের দিকে যেন শীত বিদায় নিয়েছিল। তবে নতুন বছরের শুরুতেই ফের ব্যাটিং হাঁকাল শীত। আজ, সোমবার সকাল থেকেই তাপমাত্রা কমল কলকাতা-সহ গোটা রাজ্যে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি এখনই নেই। উত্তরবঙ্গ ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯০ শতাংশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য।
আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হবে। রাজ্যজুড়ে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে জানা গিয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ নামবে। কলকাতার তাপমাত্রা আগামী শনি ও রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। জেলায় তাপমাত্রা আরও তিন-চার ডিগ্রি কমার সম্ভাবনা।
অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী দু-তিনদিন উত্তর-পশ্চিম বাতাসের প্রভাবে তাপমাত্রা ৪ ডিগ্রি নেমে যেতে পারে। সমতলেও তাপমাত্রার পারদ পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। মধ্য ভারতেও তাপমাত্রা দু-তিন ডিগ্রি কমলেও পূর্ব ভারতের তাপমাত্রায় তেমন হেরফের হবে না।
তবে আগামী তিনদিন পর থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গল ও বুধবার দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানা গিয়েছে।





