আকাশে নীল-সাদা রঙের খেলা শুরু হয়েছে। সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি, বাকি সময় শরতের মেঘ। তবে এখন তো বর্ষাকাল, এ রকম হওয়ার তো কথা নয়। তাহলে শরৎকালে কী হবে? সেই সময় তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষাকালে বৃষ্টি কম হওয়ায় অক্টোবর মাসেও চলতে পারে বৃষ্টি। যা শুনে কপালে ভাঁজ বাঙালিদের। জানা যাচ্ছে, গত জুন মাস থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে ৪৫ শতাংশ। অপরদিকে উত্তরবঙ্গে ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে উত্তরবঙ্গে তীব্র দাবদাহ। আগামিকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
তবে দক্ষিণবঙ্গে বর্ষা এবার মোটামুটি সঠিক সময়েই প্রবেশ করেছে। কিন্তু মৌসুমী বায়ু শক্তিশালী না হওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক অংশে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। যার জেরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। সাধারণত ১০ অক্টোবর বর্ষা বিদায় নিয়ে থাকে প্রতি বছর। অক্টোবরের গোড়ায় অবশ্য খুব একটা বৃষ্টি হয় না। তবে মৌসুমী বায়ু এবছর দুর্বল হওয়ায় এবার যেহেতু ভারী বৃষ্টি শুরু হতে পারে অগস্ট থেকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাহলে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। যার কারণে পুজোর সময় বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা।
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পুজোর আবহাওয়া কেমন থাকবে তা এখনই বলা সম্ভব নয়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ‘বর্ষা বিদায় নেয় অক্টোবরের ১০ তারিখ। ততদিন বৃষ্টি চললে পুজোর মধ্যে হতেও পারে।’






