বাড়ছে নিম্নচাপের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, পুজোর সময়ও ভাসবে বাংলা?

সামনেই পুজো। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে মাতৃবন্দনা। দিকে দিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে এরই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিও। বিক্ষিপ্তভাবে হলেও থেমে নেই বৃষ্টি। পুজোর দিনগুলোতেও কী বৃষ্টি হবে, তা নিয়ে উদ্বেগে বঙ্গবাসী। পুজোর সময়ের আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। আর উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আবহাওয়ায় এমন পরিবর্তন। বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে বাংলায়।

জানা গিয়েছে, আজ, শনিবার কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরেই দিন ও রাতের তাপমাত্রা একটু নেমেছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শনিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান ও নদিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামীকাল, রবিবার আকাশ মেঘলা থাকবে। তবে দুপুরের পর থেকে উন্নত হবে আবহাওয়া। বৃষ্টির পরিমাণ কমবে।

পুজোতে কী বৃষ্টি হবে, এই প্রশ্নই এখন বঙ্গবাসীর মনে। তবে পুজোর সময়ের আবহাওয়া নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, পুজোর সময় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের জেরে  বৃষ্টি হলেও পুজোর মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে খবর।     

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর