ভাদ্র মাস পড়তেই শুরু হয়েছে প্যাচপ্যাচে গরম। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে বঙ্গবাসী হাঁসফাঁস করছে। দক্ষিণবঙ্গে দু-এক জেলায় একটু-আধটু বৃষ্টি হলেও তাতে অস্বস্তি কমে নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হচ্ছে। এদিকে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। সেই অক্ষরেখার পূর্বের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার ফলে বাড়বে বৃষ্টি।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শুক্রবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে হাঁসফাঁস অবস্থা হবে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ। শনিবার থেকে বৃষ্টি বাড়বে শহর কলকাতায়।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।





