গরমে নাজেহাল বঙ্গবাসী, শীঘ্রই কমবে তাপমাত্রার দাপট, সপ্তাহান্তেই ফের প্রবল বর্ষণে ভিজবে বাংলা

গত কয়েকদিন ধরেই ফের বেড়েছে গরমের দাপট। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্তই এমন আবহাওয়া থাকবে। এরপর শনিবার থেকেই বৃষ্টি নামছে বঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি সম্ভাবনা।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার বেলার পর থেকে আবহাওয়া ধীরে ধীরে পালটাবে।

জানা গিয়েছে, আগামীকাল, শুক্রবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। শনিবার তা নিম্নচাপে পরিণত হবে। এটি মায়ানমার উপকূলে শক্তি আরও বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও বীরভূমে।  

আজ, বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩.৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা বিদায় নেওয়ার আগে মৌসুমী অক্ষরেখা বিহার ও বাংলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। ছত্তীসগড়ে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি পশ্চিমের কোঙ্কন ও তেলঙ্গানা পর্যন্ত চলে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। দেশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles