গত কয়েকদিন ধরেই চলছে স্যাঁতস্যাঁতে ওয়েদার। চারিদিক ঘন কুয়াশা। এর মধ্যে হালকা বৃষ্টি তো রয়েছেই। রোদের দেখা মিলছিল না ক’দিন ধরেই। শীত তো নেই বললেই চলে বঙ্গে। আজ, শনিবার একটু রোদের দেখা মিললেও এর মধ্যেই আবার আবহাওয়ার বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
উল্লেখ্য, গতকাল, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
কী ইঙ্গিত দিল হাওয়া অফিস?
হাওয়া অফিসে তরফে জানানো হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে আভাস দিচ্ছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
কেন ফের বৃষ্টি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আবার বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় রয়েছে। এরই মধ্যে আবার বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এসবের জেরেই ফের একবার আগামী সপ্তাহে ভিজতে পারে বঙ্গের মাটি।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে নতুন করে বৃষ্টি হতে পারে। ফেব্রুয়ারির প্রথমেও সিকিমে তুষারপাত হতে পারে বলে জানা গিয়েছে।
আজ, শনিবার সকালে কলকাতার বিস্তীর্ণ এলাকা ঘন কুয়াশা ছিল। এমন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। ট্রেন চলাচলেও দেরি হয়েছে। বেলা বাড়তে আকাশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে।





