গত সপ্তাহেই প্রবল বৃষ্টির মুখ দেখেছে বাংলা। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজেছে বাংলার মাটি। ফলে বঙ্গবাসীর আশঙ্কা ছিল যে কালীপুজোতেও বৃষ্টির জেরে প্ল্যান ভেস্তে যাবে না তো? এবার যেন সেই আশঙ্কাই সত্যি হল। আলোর উৎসবেও বাংলায় ঝেঁপে আসছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমী ঝঞ্ঝাও সক্রিয় হচ্ছে। এর জেরে আজ, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন হালকা বৃষ্টি হবে কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে।
তবে হাওয়া অফিসের তরফে এও আশ্বাস দেওয়া হয়েছে যে বৃষ্টি হলেও তা ভারী বৃষ্টি নয়। সামান্য হালকা বৃষ্টি হতে পারে কালীপুজোর দিন। তবে সপ্তাহান্ত থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। জানা যাচ্ছে, শনিবার থেকেই জেলায় জেলায় দেখা যাবে মেঘমুক্ত আকাশ। থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা তো কমবেই, এরই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ধীরে ধীরে শুষ্ক হবে বাতাস, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কালীপুজোর দিন শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। খুব হালকা বৃষ্টিপাত হবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, ও মালদহে। নভেম্বর মাস পড়তেই শিরে ধীরে মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহে সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের দু-এক জায়গায়।





