যতদিন যাচ্ছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া যেন আরও বেশি রুঢ় হয়ে যাচ্ছে। ভ্যাপসা-প্যাচপ্যাচে গরম তো থাকেই বাংলায় কিন্তু এই বছর এর সঙ্গে থেকেও বেশি দেখা দিয়েছে তাপপ্রবাহের। তবে গতকাল, রবিবার নিজের ধারা মেনে ফের দেখা মিলেছে প্যাচপ্যাচে গরমের। আর্দ্রতাজনিত কারণে ঘেমেনেয়ে একসার বঙ্গবাসী। এর মধ্যেই ফের তাপপ্রবাহের পূর্বাভাসও মিলেছে। তবে কী আর এর মধ্যে বৃষ্টি হবে না? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, সোমবারও বজায় থাকবে এমন প্যাচপ্যাচে গরমি। রাজ্যের পশ্চিমের রাজ্যগুলিতে আবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বটে, তবে কালবৈশাখীর দেখা মিলবে মূলত মঙ্গলবার থেকে। আজ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে। সঙ্গে গরম হাওয়া বইবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, আজ, সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে আর তা থাকবে শুক্রবার পর্যন্ত। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া। পশ্চিমের জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও হতে পারে বৃষ্টি। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।
আজ, সোমবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমতে পারে।






