ফের রাজ্যজুড়ে নামছে ঝড়বৃষ্টি, তবে এরই সঙ্গে বাড়বে গরমও, বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতি, জানাল হাওয়া অফিস

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবারও বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আর বাড়বে গরম। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি করে ফের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে। এর সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামীকাল, রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে দু-তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস। এরপর ফের মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরের পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়াও। এখানে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে।

আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৮ শতাংশ।

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। আগামী ২৩শে মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে।

দেশের বেশ কিছু জায়গায় ফের তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ঝাড়খণ্ড ও ছত্তিসগড় এলাকায় তাপপ্রবাহ চলতে পারে বলে খবর। অসম ও মেঘালয়ে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

আরও অন্যান্য খবর