গত কয়েক দিন ধরেই আবহাওয়ার বড্ড বেশি খামখেয়ালিপনা লক্ষ্য করা গিয়েছে। কখনও রোদ তো কখনও ঝেঁপে বৃষ্টি। গত দু-তিনদিন ধরে সন্ধ্যের পর বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর জেরে তাপমাত্রাও কমেছে বেশ খানিকটা।
তবে এবার এমন সুখের দিন শেষ। আর মিলবে না মনোরম আবহাওয়া। সপ্তাহের প্রথম দিন থেকেই চড়চড় করে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ, এমনই খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা দুই-ই বাড়বে। চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা। উপকূল সংলগ্ন জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ। আজ, সোমবার দুই ২৪ পরগনা, এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে আজ, এর জেরে ক্রমশই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ, সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৩৯ শতাংশ।
তগে উত্তরবঙ্গে এখনই বিদায় হচ্ছে না বৃষ্টির। আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হবে।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।





