নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হয়েছে। কিন্তু এখনও দেখা নেই শীতের। রাতে ও ভোরের দিকে একটু শিরশিরানি ভাব থাকলেও বেলা বাড়তেই কিন্তু সূর্যের তেজ। বেশ গরম অনুভূত হচ্ছে বলা যায়। বঙ্গে কবে আসবে শীত, এখন সেই প্রশ্নই বঙ্গবাসীর মনে। সেসবের এবার উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সেইসময়ই উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে। ২৫ নভেম্বরের পর থেকেই উত্তুরে হাওয়া বঙ্গে ঢুকবে অবাধে। চলতি মাসের শেষের দিক থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার কমবে।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে। আগামী রবিবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে খবর।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রবিবার থেকে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে বেশ স্পষ্টভাবেই। দুই দিনাজপুর ও মালদহে কুয়াশা দেখা দিতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
আপাতত কলকাতায় একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার হেরফের সেভাবে হবে না শহরে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫-৯৪ শতাংশ।





