বিগত কয়েকদিনে দারুণ স্পেল চলেছে শীতের। শীতবিলাসীরা বেশ উপভোগ করেছেন ঠাণ্ডা। কিন্তু দীর্ঘস্থায়ী হল না এই শীত। কারণ আজ, বুধবার থেকেই ফের হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফের বৃষ্টিতে ভিজবে বঙ্গের মাটি। আর আগামীকাল, বৃহস্পতিবার থেকে তাপমাত্রাও বাড়বে।
কেন হঠাৎ এই হাওয়া বদল?
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ, বুধবার থেকেই বাড়বে পূবালী হাওয়ার দাপট। আর এর জেরে বৃহস্পতিবার থেকেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকেই শুরু হতে পারে বৃষ্টি। আগামীকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমান কিছুটা কমবে। এদিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে ফের বদলাবে আবহাওয়া। বন্ধ হবে বৃষ্টি।
আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঠাণ্ডা কমলেও জেলায় জেলায় কুয়াশার দাপট কিন্তু রয়েছে। এর জেরে কমেছে দৃশ্যমানতা। ব্যাঘাত ঘটছে যান চলাচলে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে বলে জানাল হাওয়া অফিস।





