দু-তিনদিনের মধ্যেই বাড়বে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা, জ্বালাপোড়া গরমেই কাটবে পয়লা বৈশাখ, নাজেহাল হওয়ার পথে বঙ্গবাসী

মরশুম শীতকাল হলেও বেশ গরমে গরমেই কেটেছিল বড়দিন। আবার মকর সংক্রান্তিতেও আবহাওয়া বেশ উষ্ণর দিকেই ছিল। আর এখন তো গরমকাল পড়েই গিয়েছে। তাই বাংলার নতুন বছরের আগমনও যে গরমের মধ্যেই হবে, তা আর নতুন কী! আগামী কয়েকদিনেই চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনই খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এখন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। দিনের বেলা জ্বালাপোড়া গরমের জেরে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। রাতের তাপমাত্রাও বেশির দিকেই থাকবে বলে খবর।

জানা যাচ্ছে, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও  কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। শুষ্ক আবহাওয়াই দেখা যাবে সেখানে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আগামী পাঁচদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

RELATED Articles