একদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা আর অন্যদিকে, দক্ষিণবঙ্গে লোকজনের ঘাম ছুটছে গুমোট গরমের জেরে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বজায় থাকছে অস্বস্তিকর পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতাতেও বজায় থাকবে ভ্যাপসা গরম।
কলকাতার আকাশ আগামী ২৪ ঘণ্টায় মোটামুটি পরিষ্কারই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার হেরফের তেমন হবে না। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সম্ভাবনাও তেমন নেই বললেই চলে। হাওয়া অফিসের কথা অনুযায়ী, দক্ষিণবঙ্গ বর্ষার মুখ দেখতে পারে আগামী সপ্তাহে।
মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। শনিবার সকালের মধ্যেই দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।





