গোটা পৌষ মাস জুড়ে বাংলায় তেমন ঠাণ্ডার দেখা মেলেনি। ভরা পৌষে যখন শীতের চোটে কাঁপার কথা, তখন অনেকেই সোয়েটার-কম্বল আলমারিতে তুলে রেখেছিলেন। তবে এবার ফের বের করে ফেলুন জ্যাকেট-কম্বল। কারণ ফের খুব দ্রুত বদলাতে চলছে আবহাওয়া।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, পৌষের শেষেই ফের দেখা মিলবে শীতের। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা মোটামুটি একইরকম থাকলেও, আগামী রবিবারের মধ্যেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ পৌষ সংক্রান্তি কাটবে বেশ কনকনে শীতের মধ্যেই। এর ফলে সংক্রান্তিতে পিঠে খাওয়ার মজাও বাড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, বৃহস্পতিবার কলকাতায় হাওয়াবদলের সম্ভাবনা। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। গতকাল, বুধবার কলকাতার রাতের তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। উভয় তাপমাত্রাই স্বাভাবিকের কিছুটা ওপরে। তবে আজ বিকেলের পর থেকেই পারদ নামতে শুরু করবে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?
অন্যদিকে আজ, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের তিন ও দক্ষিণবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। তবে আগামীকাল থেকে ঘন কুয়াশার দাপট কমবে।
ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি।। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে বলে জানাল হাওয়া অফিস। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে।





