রূপম ইসলামের যে একটা আলাদাই ফ্যানবেস রয়েছে, তা অস্বীকার করা যায় না। নিজের ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে শো হোক বা রূপমের একক কোনও শো, সেখানে তিলধারণের জায়গা থাকে না। এখন নানান জেলায় নানান উৎসবে শো করছে ফসিলস। আর নিজের প্রিয় গায়কের গান শুনতে ভিড়ও জমছে তেমন। এসবের জেরেই বারবার সামনে আসছে বিশৃঙ্খলার ছবি। রূপমের শো থেকে এবার অস্ত্র-সহ চারজনকে আটক করল পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার পূর্ব বর্ধমানের কালনায়। অন্যান্য জেলার মতো সেখানেই আয়োজিত হয়েছিল খাদ্য পিঠেপুলি উৎসব। সেই উৎসবে অনুষ্ঠান করতে এসেছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। এই শো-এর জন্য বিকেল থেকেই ভিড় জমতে শুরু করে মাঠে।
গান শুনতে মাঠে ঢুকে পড়েন অতিরিক্ত মানুষ। পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না। নিজের প্রিয় গায়ককে একটিবার দেখার জন্য দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। মাঠের ভিতরে তো বটেই, মাঠের বাইরেও থিকথিক করছিল ভিড়। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। ভিড় খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত করেনি দর্শক। এরপরই লাঠিচার্জ শুরু করে পুলিশ।
পুলিশের এমন কাজে শুরু হয় হুড়োহুড়ি। রাস্তাতে পড়েই যান অনেক মানুষ। পাঁচিল টপকেও পালানোর চেষ্টা করেন অনেকে। অনেককে পুলিশের ভ্যানে তোলা হয়। এসবের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩-৪ জনকে অস্ত্র-সহ আটক করা হয়েছে।
বলে রাখি, কালনার বিধায়ক দেব প্রসাদ এই এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেন। একটি কমিটিও রয়েছে। পুলিশের লাঠিচার্জ বিষয়ে কালনার বিধায়ক দেব প্রসাদ বাগ বলেন, “অনুষ্ঠানে কেউ অস্ত্র হাতে এলে কী পুলিশ ছেড়ে দেবে”।
প্রসঙ্গত, এর আগে মধ্যমগ্রাম ও দমদমে শো করতে গিয়েও একই অবস্থা হয়েছি প্রায়। রূপম ইসলামের অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বিশৃঙ্খলা। পুলিশ লাঠিচার্জ করে অনুরাগীদের। সেই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন রূপম ইসলাম। এবার ফের একবার তাঁর অনুষ্ঠানেই সেই একই ঘটনা ঘটল।





