হাওড়া এখন কার্যত বিজেপিরই দখলে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ছাড়াও আরও অনেকে গতকাল অর্থাৎ শনিবার বিজেপিতে যোগদান করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অমিত শাহ্’র কলকাতার সভায় যোগদানের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর বঙ্গ সফর। তারপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুরোধে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যান সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ পাঁচ নেতা। সন্ধ্যায় অমিত শাহের বাসভবনে বিজেপিতে যোগদান করেন তাঁরা। চার্টার্ড বিমানে জায়গা না হওয়ায় অন্য বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর রাতেই ‘চার্জড আপ’ কলকাতা ফিরে আসেন সকলে।
দিল্লির বৈঠকেই বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে কৌশল সাজানো হবে বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে জানানো হয়েছে , সোমবারই রাজ্য নেতাদের দিল্লিতে ডাকা হয়েছে। কিন্তু বৈঠক হবে মঙ্গলবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বাসভবনে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় এই প্রথম অমিত শাহের বাড়ির বৈঠকে ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ছাড়াও থাকার কথা বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়েদের। থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
শনিবার ও রবিবারের বঙ্গ সফরে পশ্চিমবঙ্গের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা ছিল বিজেপির চাণক্যের। কিন্তু সেই সফর বাতিল হয়ে যাওয়ার পর মঙ্গলবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাতিল হয়ে যাওয়া সফরের পরিবর্তে অমিত কবে রাজ্যে আসবেন, কোথায় সভা বা রোড–শো করা যেতে পারে, সে সব বিষয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। তবে মতুয়াদের মন রাখতে তড়িঘড়ি তাঁকে আসতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ তিনি নিজেই ফোন করে সাংসদ শান্তনু ঠাকুরকে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিনি রাজ্যে আসবেন।





