আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। নন্দীগ্রামই বলে দেবে বাংলা হচ্ছে কার। বহিরাগতরা দখল নেবে না বাংলার মেয়ের হাতেই উঠবে বাংলার শাসনভার!
কিন্তু বঙ্গ নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে ভোটগ্রহণের ঠিক কিছু ঘন্টা আগেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এদিন সকালে বাড়িতে থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। প্রথম দফায় কেশিয়াড়ির পর দ্বিতীয় দফায় খাস নন্দীগ্রামের ভেকুটিয়ায়। নিহতের নাম উদয় দোহে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, তৃণমূলের হুমকিতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হয়েছেন এই বিজেপি কর্মী।
আরও পড়ুন- ভোটের দিন সকালে নন্দীগ্রামে প্রায় ৮০টি বুথে দেখাই মিলল না তৃণমূলের কোনও এজেন্টের
প্রসঙ্গত, আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন সকালে ভেকুটিয়ায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় উদয়বাবুর ঝুলন্ত দেহ। পরিবারের তরফে দাবি করা হয়, ১৪৪ ধারা জারি হওয়ার পরও বুধবার সন্ধ্যায় তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়ে গিয়েছিল। এর পর নিজের ঘরে চলে যান ওই বিজেপি কর্মী। সকালে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
মৃতের পরিবারের তরফে দাবি করে জানানো হয়েছে, গেরুয়া শিবিরের একনিষ্ঠ কর্মী হওয়ায় দীর্ঘদিন ধরে উদয়বাবুকে হুমকি দিচ্ছিল তৃণমূল। আগে থেকেই আতঙ্কিত ছিলেন তিনি। ভোটগ্রহণের আগের দিন ফের হুমকিতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।





