বাড়িতে পৌঁছে যাবে অ্যালকোহল, উদ্যোগী রাজ্য সরকার, আগামীকাল হচ্ছে বৈঠক

এবার মদ বিক্রি করতে পার্টনার খুঁজছে রাজ্য সরকার। অবশ্যই অনলাইনে হবে এই মদ বিক্রি। এই সংক্রান্ত পরিকাঠামো পোক্ত করতে এবার বেসরকারি সংস্থা ও স্টার্টআপ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম লিমিটেড। অ্যালকোহলজাত পানীয়ের অনলাইন বিক্রি এবং হোম ডেলিভারি চালু করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বুধবার এই বিষয়ে দরপত্র আহ্বানের আগে বৈঠকও ডাকা হয়েছে।

এর আগে অবশ্য লকডাউন চলার সময়ই হোম ডেলিভারি দিতে পারবে এরকম এফ এল শপের তালিকা তৈরি করেছিল এই সংস্থা। করোনা সংক্রমণ রোধে দোকানে গ্রাহক সমাবেশে রাশ টানতে চালু হয়েছে সামাজিক নিরাপত্তা বিধিও। সোমবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে লেখা আছে,‘লিকার হোম ডেলিভারি পরিষেবা আরও কার্যকর করে তুলতে WBSBCL-এর তরফে স্টার্ট-আপ সহ আগ্রহী প্রতিষ্ঠিত অনলাইন অর্ডারিং সংস্থা, যাদের বৈদ্যুতিন অর্ডার, কেনাবেচা ও অ্যালকোহলজাত পণ্য লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কিনে হোম ডেলিভারি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাদের থেকে আগ্রহ জানিয়ে আবেদনপত্র (EoI) আহ্বান করা হচ্ছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ জুন। লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও অনলাইন অর্ডারিং ও ডেলিভারি সংস্থাগুলিকে নিয়ে তৈরি করা হবে বিশেষ প্যানেল। আগ্রহী সংস্থাদের যাবতীয় প্রশ্নের ব্যাখ্যা করতে বুধবার বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম লিমিটেড । প্রসঙ্গত, ঝাড়খণ্ডে ইতিমধ্যেই মদের হোম ডেলিভারি পরিষেবা চালু হয়েছে। এবার এই রাজ্যে কবে শুরু হয় মদের হোম ডেলিভারি তারই দিন গুনছেন সুরাপ্রেমীরা।

RELATED Articles

Leave a Comment