টুইট-ফাইট! রাজ্যের অবস্থা বেহাল ১২ তারিখের সময় বেঁধে দিয়ে মুখ্যসচিব, ডিজি-কে তলব রাজ্যপালের

রাজ্যের বিভিন্ন ইস্যুতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নিত্যদিন‌ই বিভিন্ন কারণে তাঁদের মধ্যে সংঘাত লেগেই থাকে। 

রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে এবার ফের একবার মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে (ডিজিপি) তলব করলেন রাজ্যপাল। 

তবে এবার কড়া ভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলে তলব করেছেন রাজ্যপাল। 

এদিনের ট্যুইটে তিনি মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিকে সময় বেঁধে দিয়ে লিখেছেন, ১২ তারিখের এদিক-ওদিক যেন‌ও না হয়, তার মধ্যেই দেখা করতে হবে ওঁদের। 

তবে তিনি রাজ্যের সমালোচনা করবেন না এমনটা হয় না, রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তার তীব্র সমালোচনা করে ট্যুইটে তিনি লিখেছেন, রাজ্যের বিভিন্ন ঘটনা, পরিস্থিতি সম্পর্কে আমাকে নিয়মিত খবর দেওয়ায় তাঁরা ব্যর্থ। তাঁরা লাগাতার জবাব, প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। এটা সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে সরকার, শাসন চালানোর যাবতীয় রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান। 
নিজের টুইটে ক্ষোভ ঝড়িয়ে তিনি লিখেছেন লাগাতার তথ্য চেয়েও মেলেনি জবাব, তাঁকে রাজ্যের কোনও বিষয়ে অবহিত করা হচ্ছে না। 
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই ক্রমাগত ক্ষমতাসীন সরকার, শাসক দলের সঙ্গে হাজারো ইস্যুতে ধনকড়ের মতবিরোধ প্রকাশ্যে এসেছে, কখনও কখনও তা সংঘাতে পর্যবসিত হয়েছে। এমনকী প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নানা সময়ে মতান্তর হয়েছে তাঁর। শাসক দলের তরফে তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ওকালতি করার অভিযোগ তোলা হয়েছে, যা নাকচ করে তিনি সাংবিধানিক চৌহদ্দির মধ্যেই রয়েছেন বলে পাল্টা দাবি করেছেন ধনকড়ও। সব মিলিয়ে এই রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া মাত্রা যোগ করল তাঁর আজকের ট্যুইট। 

RELATED Articles