বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের হল মামলা! অস্বস্তিতে রাজ্য সরকার

ভোটের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এবার রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে সেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। যে মামলার শুনানি নয়া বছরের ৪ জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে হবে বলে জানা গেছে।
তবে কেন‌‌ও হল এই মামলা? মামলাকারীদের দাবি, প্রাথমিক টেটে প্রশ্ন ভুল থাকা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রায় ১৩০ জন প্রার্থী। সেই মামলার ভিত্তিতেই ২০১৮ সালে চাকরিপ্রার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই মূল্যায়নের পর যদি ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাহলে তাঁদের হাতে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের পর আরও কয়েকজন প্রার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন। সেই মামলার এখনও চলছে। আর তারইমধ্যে গত ২৩শে নভেম্বর নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে ২০১৪ সালের টেট উত্তীর্ণদেরও আবেদনের সুযোগ দেয়। সেই বিষয়টি নিযে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কয়েকজন সরকারি চাকরি প্রার্থী। তার প্রেক্ষিতে পর্ষদের থেকে জবাব তলব করেছিলেন বিচারপতি। সেই সময় পর্ষদের তরফে জানানো হয়েছিল, এখন চূড়ান্ত নিয়োগ করা হচ্ছে না।
কিন্তু বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর মামলাকারী জানিয়েছেন, তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তা না করেই কীভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সেজন্য বিজ্ঞপ্তি প্রকাশের পরই মামলা দায়ের করা হয়েছে।

RELATED Articles