অবশেষে বঞ্চনা থেকে মুক্তি! অযোগ্যদের সরিয়ে শুরু হল যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া, আজই নবম-দশমে সুপারিশপত্র পাবেন ৬৫ জন

অবশেষে মুখে ফুটল হাসি। নবম-দশম শ্রেণীর নিয়োগে অযোগ্যদের সরিয়ে এবার যোগ্যদের নিয়োগ করার প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম স্তরে সহকারী শিক্ষকের পদে অপেক্ষামান তালিকায় থাকা ৬৫ জন প্রার্থীকে ডাকা হয়েছে কাউন্সেলিংয়ের জন্য। পর্ষদের তরফে আজই তাদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হতে পারে বলে জানা গেল।

আজ, শুক্রবার সল্টলেকের আচার্য সদনে সেই শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আজই এই ৬৫ জন অপেক্ষমান চাকরিপ্রার্থী পেয়ে যাবেন চাকরির নিয়োগপত্র। এদের মধ্যে অনেক চাকরিপ্রার্থী রয়েছেন যারা গত প্রায় ৬৬৫ দিন ধর্না মঞ্চে আন্দোলন করেছেন।

এবার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাদের মুখে জয়ের হাসি ফুটল। চাকরিপ্রার্থীদের কথায়, “আজ আমাদের মুখে সামান্য হাসি ফুটেছে ঠিকই। তবে আমাদের সহযোদ্ধারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব, কমিশন একে একে সবাইকে ডেকে নিয়োগপত্র দেবে”।

প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল যে ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে স্কুলে নবম-দশম শ্রেণীতে সহকারী শিক্ষক পদে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বেনিয়মে চাকরি পাওয়া ১৮৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।

এই নিয়ে সিবিআই তদন্ত হলে সেই তদন্তেই জানা যায় যে অযোগ্য হওয়া সত্ত্বেও ১৮৩ জন প্রার্থী সুপারিশপত্র পেয়েছিল। এই প্রার্থীদের মধ্যে কতজন স্কুলে শিক্ষকতা করছেন, সেই রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দেয় কমিশন। জানা গিয়েছিল, ১৮৩ জনের মধ্যে ১০২ জন প্রার্থী শিক্ষকতা করছেন। সেই রিপোর্ট দেখে বিচারপতি নির্দেশ দেন যাতে ওই ১০২টি শূন্যপদে অপেক্ষামান তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়।

সেই নির্দেশ মেনেই ওই শূন্যপদগুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করল কমিশন। তবে সব শূন্যপদের জন্য প্রার্থী পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪টি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় ও ক্যাটাগরিতে কোনও অপেক্ষমান প্রার্থী আর নেই। সেই কারণে সেইগুলিকে কাউন্সেলিং-এর আওতার বাইরে রাখা হয়েছে। আরও তিনটি পৃথক ক্ষেত্রে যাতে কোনও জটিলতার সৃষ্টি না হয়, সেই কারণে হাইকোর্টের পরামর্শ চেয়েছে কমিশন। আর বাকি পদগুলির জন্য ৬৫ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে।

RELATED Articles