টানা বৃষ্টির পর অবশেষে সুখবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে খুব সামান্যই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে তারা। সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও জেলাগুলির সর্বত্র বৃষ্টিপাত হবে না। বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টির সম্ভবনা বর্তমানে এখন আর নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও হবে না কোনও রকম ভারী বৃষ্টিপাত। সামান্য থেকে হালকা বৃষ্টিপাতই দেখা যাবে জেলাগুলির কিছু কিছু অংশে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন শুক্রবার থেকে ফের বদলে যেতে পারে আবহাওয়া। বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে হতে পারে সামান্য বেশি পরিমাণ বৃষ্টিপাত। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতাতেও।
তবে শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গ দিতে পারে বজ্রবিদ্যুৎ। এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাকি জেলাগুলিতেও দেখা দিতে পারে হালকা বৃষ্টি। শনিবারও আবহাওয়া এরকমই থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও আবহাওয়ার একই ছবি দেখা যাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।
আজ কলকাতায় সামান্য থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কখনও রোদ কখনও মেঘলা আকাশ দেখা যাবে কলকাতায়। ক্রমশ বাড়তে থাকবে কলকাতা তাপমাত্রা। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৬৭ শতাংশ।






