আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে রাজনৈতিক তরজা। দুই দলের সংঘর্ষে প্রাণ যাচ্ছে একের পর এক কর্মীর। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর।
বিজেপি কর্মীর বাড়ির উদ্দেশ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় আহত হয়েছে এক নাবালিকা এবং সেইসঙ্গে আরো চারজন। তাদের মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিজেপি কর্মী জানিয়েছেন, তিনি বিজেপির কর্মী হওয়ায় স্থানীয় তৃণমূলের লোকজন তাঁকে সহ্য করতে পারছিল না। বারংবার তাঁকে তৃণমূলে নাম লেখানোর জন্য চাপ দেওয়া হতে থাকে। কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। সেই রাগ থেকেই তাঁর বাড়ির উদ্দেশ্যে বোমা ছুড়েছে তৃণমূলের আশ্রিত গুন্ডারা অভিযোগ জানিয়েছেন এই বিজেপি কর্মী।
সোশ্যাল মিডিয়ায় এই বোমাবাজির ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হতে শুরু করে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি বোমা হাতে নিয়ে ছুড়ে দিচ্ছেন এবং তারপরই বোমা ফাটার বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান যে গোটা ঘটনাটি পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম নিচ্ছে যাতে তৃণমূল ফেঁসে যায়। যদিও স্থানীয় বিজেপি কর্মীরা বলছেন যে তৃণমূল গোটা ঘটনার দায় এড়িয়ে যেতে চাইছে।






