এক বছর আগে মুক্তি পেয়েছিল দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল (The diary of West Bengal) ছবির ট্রেলার (trailer)। এই ট্রেলার দেখে রীতিমত বিতর্ক শুরু হয়েছিল বাংলা(West Bengal )জুড়ে। বলা হয়েছিল এই ট্রেলারের মধ্যেই রয়েছে ইন্ধন জোগানোর রসদ। অনেকে বলেছিলেন এই ছবি মুক্তি না পাওয়াই ভালো। কারণ এই ছবি মুক্তি হলেই অশান্তির সৃষ্টি হবে। এখানেই শেষ হয় নি। এই ছবির পরিচালককে পশ্চিমবঙ্গের সম্মান ক্ষুন্ন করার অভিযোগে রাজ্য পুলিশ আইনি নোটিশ পাঠায়। মামলা কোর্ট অবধি গড়িয়েছিল।
আবারও বিতর্ক সৃষ্টি করা সেই ছবি ট্রেলার সামনে এলো। আগামী ৩০শে আগস্ট ছবিটি মুক্তি হবে। এই ছবি নিয়ে কলকাতার হাইকোর্টে রাজীব কুমার ঝা জনস্বার্থ মামলা করে দাবি করেন, “ডায়েরি অফ ওয়েস্টবেঙ্গল নামের এই সিনেমা এই পরিস্থিতিতে দেখানো হলে সাম্প্রদায়িক সমস্যা হতে পারে।” এই দাবির ভিত্তিতে অবিলম্বে এই সিনেমাটি বন্ধ করার জন্য আবেদন জানান তিনি। আজ সেই মামলার শুনানি হয়।
শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দেয়, ছবি মুক্তির ক্ষেত্রে কোনও বাধা নেই। তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানের জন্য ডেট দেয় কোর্ট। আবেদনকারী রাজীব কুমার ঝা এর পক্ষে দাঁড়ানো উকিল জয় সাহা এই দিন আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, “সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়ছে ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর,এই সিনেমাটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশ কিছু কথা বলা আছে, যা আইন ভঙ্গের আওতায় পড়ে।”
তবে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম এই সওয়ালের উত্তরে বলেন, “আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। এটা গণতান্ত্রিক দেশ, একটা সিনেমা বানানোর পরে তা চেক করে দেখার জন্য নির্দিষ্ট কমিটি আছে। তারা যখন অনুমতি দিয়েছে, তাতে অসুবিধা কোথায়?” তিনি আরও বলেন, “এই ধরনের জনস্বার্থ মামলা আমাদের কাছে উপচে পড়ছে। গতকালই এই ধরনের বিষয়ে একজনকে সতর্ক করেছি। এসব বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে। এ রাজ্যের মানুষ অনেক সহনশীল। তাঁদের বিবেচনার ওপর ছেড়ে দিন।”
আরও পড়ুনঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল FIR, কোন কারণে অভিযোগ?
প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমার গল্পে দেখা যায় যে সুহাসিনী ভট্টাচার্য নামের এক বাঙালি হিন্দু মহিলা রীতিমত রক্তাক্ত অবস্থায় রয়েছেন, অন্যদিকে একজন মুসলিম নেতা বলছেন, আমরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেক হয়ে যাব। আবার সুহাসিনী ও বলছেন, পশ্চিমবঙ্গে ২০০০ টাকা দিলেই নাগরিকত্ব পাওয়া যাবে। ট্রেলারে আরও দেখা যায় যে নীল-সাদা শাড়ি পরিহিত এক মহিলা বলছেন, এই রাজ্য রোহিঙ্গা বাংলাদেশীদের নাগরিকত্ব দেবে। পুরো ট্রেলার জুড়ে ফুটে উঠেছে মুসলমানদের অত্যাচার করার ছবি। অনেকেই মনে করছেন আরজিকরের ঘটনায় যেখানে এমনিতেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে আছে সেখানে এই ছবির মুক্তি আরও উত্তেজনা বাড়িয়ে দেবে।





