পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর এবার জ্যোতিপ্রিয় মল্লিক। মমতার এককালের স্তম্ভ এখন জেলে বন্দি। এদের মধ্যে দু’জন রাজ্যের মন্ত্রী আর একজন দাপুটে নেতা। যাদের উপর বিরাট ভরসা ছিল দলনেত্রীর। নানান রাজনৈতিক যুদ্ধে মমতার পাশে সৈনিকের মতো দাঁড়িয়েছেন তারা।
কিন্তু এখন সময় পাল্টেছে। নানান অনুষ্ঠান, কর্মসূচিতে তাদের আর দেখা মেলে না। কারণ তিনজনেই যে এখন কারাগারে। এই তিন প্রভাবশালী নেতাদের কমতি কী বোধ হয় না দলে? সত্যিই কী তাদের অনুপস্থিতিতে দল সেই আগের মতোই রয়েছে? নিজের সতীর্থদের নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
কী বললেন শোভনদেব?
এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্থ, জ্যোতিপ্রিয়দের নিয়ে কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, তাদের জন্য দুঃখ হয় তাঁর। এদের দু’জনকেই রাজনীতিতে প্রবেশ করতে দেখেছেন তিনি। এদের নিয়ে শোভনদেব বলেন, “এরা দু’জনই আমার থেকে ছোট। ওদের দু’জনকেই রাজনীতিতে আসতে দেখেছি। স্বাভাবিক ভাবে ওরা যে নেই, কারাগারে রয়েছে তার জন্য আমি দুঃখিত”।
প্রসঙ্গত, দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। অন্যদিকে, রেশন দুর্নীতি কাণ্ডে জেলে বন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরা দু’জনেউই আপাতত রয়েছেন প্রেসিডেন্সি জেলে।





