লোকসভা ভোটের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল হুগলি। কিছুদিন আগেই সেই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রের জন্য ফের একবার লকেট বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছে পদ্ম শিবির। এবার গতকাল, রবিবার ঘোষণা হল তৃণমূলের প্রার্থী তালিকা। হুগলির কেন্দ্রে লকেটের বিপক্ষে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে বাজি রাখল ঘাসফুল শিবির।
বিজেপিতে অনেকদিন ধরে রয়েছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির বেশ পোক্ত নেত্রী তিনি। বিজেপির মহিলা মোর্চার অন্যতম মুখ। অন্যদিকে, রাজনীতির ময়দানে একেবারেই নতুন মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় দুই অভিনেত্রীকে একসঙ্গে অনেকবার দেখা গিয়েছে ঠিকই, তবে এবার রাজনীতির আঙিনায় সম্যক সমরে দুই জনপ্রিয় অভিনেত্রী। লকেটকে কী টেক্কা দিতে পারবেন নবাগতা রচনা? এখন সেদিকেই তাকিয়ে হুগলিবাসী।
দুই তারকার মধ্যে এই ডুয়েল দেখার জন্য কিন্তু রেডি হুগলির মানুষজন। তাদের কথায়, লকেটকে কাছ থেকে দেখেছেন তারা। এবার পালা রচনার। এক বাসিন্দা বলেন, “এতদিন টিভিতে দেখতাম লকেট ও রচনাকে একসঙ্গে অভিনয় করতে। দুই জায়ের চরিত্রে অভিনয় করতে দেখেছি। এখন রচনাও রাজনীতিতে এসেছেন। এখন দেখার রাজনীতির মঞ্চে দু’জনের মধ্যে কে জেতেন”।
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। সেই শো-য়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। ফলে মানুষের কাছে একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে তাঁর। আর সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল। হুগলির মহিলাদের কথায়, তারা এতদিন রচনা বন্দ্যোপাধ্যায়কে টিভির পর্দায় দেখেছেন, এবার সামনাসামনি দেখবেন। এই নিয়ে বেশ উত্তেজনা রয়েছে তাদের মধ্যে।
তারকা সাংসদ হলে কী এলাকায় কাজ বেশি হয়?
এলাকাবাসীদের কথায়, তারা চান যাতে এলাকায় কাজ হয়। তারা বলেন, অতীতে অনেকবার দেখা গিয়েছে, তারকা প্রার্থীরা ভোটে জিতেছেন তো ঠিকই কিন্তু এলাকায় সেভাবে কাজই হয়নি। তাই হুগলিবাসীদের একটাই চাওয়া, যেই জিতুক না কেন, তারা যেন আমজনতার জন্য কাজ করেন।





