আগামী ১৯শে ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভায় পুরভোট। কিন্তু এখনও রাজ্যের ১১১টি পুরসভায় ভোট বাকি। সেই ভোট কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আজ, সোমবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেছে। তাতে দেখা গিয়েছে, রাজ্যের বাকি পুরসভার ভোট নিয়ে রাজ্য সরকারের মধ্যেও যথেষ্ট ধন্ধ রয়েছে।
হলফনামায় জানানো হয়েছে যে রাজ্য সরকার চাইছে আগামী মে মাসের মধ্যে পুরভোট করাতে। ৬ থেকে ৮ দফায় ভোট হোক, এমনটা চেয়েছে রাজ্য। কিন্তু রাজ্য সরকার এমন কিছু বিশ্যের কথা বলেছে যা বেশ অস্পষ্ট।
আগামী মার্চ মাসে রয়েছে মাধ্যমিক ও এপ্রিলে রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাছাড়া সিবিএসই ও আইসিএসই বোর্ডগুলি এখনও তাদের পরীক্ষার সূচি ঘোষণা করেনি। এর উপর রয়েছে নানান উৎসব। আর উপরি পাওয়া করোনা তো রয়েইছে।
রাজ্য সরকারের কথায়, করোনা সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আর এর উপর নতুন করে ত্রাসের সৃষ্টি করেছে ওমিক্রন। এই নতুন ভ্যারিয়েন্ট ভবিষ্যতে আদৌ কী রূপ নেবে, তা এখনও বোঝা যাচ্ছে না।
মে মাসের মধ্যে পুরভোট করানোর ইচ্ছা জানিয়েছে মাত্র রাজ্য সরকার। তা আদৌ হবে কী না বা সম্ভব কী না, তা এখনও জানা যায়নি।
একুশের বিধানসভা নির্বাচনের আগে করোনা পরিস্থিতির জেরে পুরভোট করাতে রাজি হয়নি রাজ্য সরকার। আর সেই ফল এখন ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরবোর্ড না থাকার কারণে কোনও সমস্যায় পড়লে দুর্ভোগ ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। কারণে ঠিকমতো পরিষেবা মিলছে না।





