দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলেছে বঙ্গ বিজেপির নেতৃত্বে রদবদল হতে পারে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংগঠনে নতুন গতি আনতেই এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব—এমনই জল্পনা ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি, সেই নিয়ে ঘোরপ্যাঁচ কাটছেই না। রাজ্য বিজেপির অন্দরে যেমন গরমাগরম আলোচনা, তেমনই দিল্লির গেরুয়া শিবিরেও জোরদার চিন্তাভাবনা চলছে।
বর্তমান রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের ভবিষ্যৎ নিয়েই প্রথম প্রশ্ন উঠছে। তিনি নিজে যদি রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়েন, তবে কে বসবেন পদ্ম শিবিরের রাজ্য শীর্ষপদে—সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, সুকান্ত মজুমদার নিজে সুপারিশ করেছেন দলের সাধারণ সম্পাদক ও মালদহের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। অন্যদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পছন্দ অগ্নিমিত্রা পাল। তিনিও দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং কলকাতার বিধায়ক। ফলে দুই পক্ষের দুই সুপারিশেই দ্বিধায় দিল্লি।
তবে শীর্ষ নেতৃত্বের কাছ থেকে পাওয়া ইঙ্গিত বলছে, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যই দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে। দলীয় সূত্রে খবর, আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রাক্তন অভিজ্ঞতা এবং সংগঠনে গ্রহণযোগ্য মুখ হিসেবে তাঁর নাম ইতিমধ্যেই গুরুত্ব পাচ্ছে। রাজ্য বিজেপির পুরনো অংশের একটা বড় অংশও শমীক ভট্টাচার্যের পক্ষেই মত দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে তাঁর দিকেই হেলে পড়েছে পালে হাওয়া।
এই তিন নাম—জ্যোতির্ময়, অগ্নিমিত্রা ও শমীক—নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ, জেপি নাড্ডারা বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করেছেন। তবে সমস্যার মূল শিকড় রয়েছে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণায়। যেহেতু সর্বভারতীয় সভাপতি কে হবেন, সেটাই এখনও ঠিক হয়নি, তাই রাজ্য সভাপতির নাম ঘোষণাও আপাতত স্থগিত।
আরও পড়ুনঃ Weather update : উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস! রাজ্যের কোন কোন জেলা আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করল?
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, জুন মাসের শেষ দিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্য সভাপতির নাম জানিয়ে দিতে পারে দিল্লি। সে সিদ্ধান্তের উপর নির্ভর করছে সুকান্ত মজুমদারই থাকবেন, না কি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে যাই হোক না কেন, বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে, এবং আগামী কয়েকদিনেই মিলতে পারে এই রাজনৈতিক জটের সমাধান।






