এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতির অভাব ছিল বলে দাবি করলেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা। শনিবার সন্ধ্যায় একথা বলেন তিনি। ততক্ষণে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা তলব করেছে রাজ্য সরকার।
এদিন অধীরবাবু দাবি করেন, ‘নিজে কেরামতি দেখাতে গিয়ে সেনাবাহিনীকে ডাকতে দেরি করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ তাঁর প্রশ্ন, ‘ঝড় চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি, বাংলার সর্বনাশ হয়ে গেল। তার মানে কতটা ক্ষতি হয়েছে তা তিনি জানতেন। সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে এটাও জানতেন যে রাজ্য সরকারের পক্ষে এত কাজ এত দ্রুত করা সম্ভব নয়। তাহলে সেদিনই সেনা ডাকেননি কেন?’
তাঁর সাফ কথা, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করুন তাঁদের প্রস্তুতিতে খামতি ছিল। উনি একার কৃতিত্বে বিপর্যয় উদ্ধার করতে চেয়েছিলেন। এখন সাধারণ মানুষের ক্ষোভের আঁচ পেয়ে তিনি সেনা ডেকেছেন।’
তিনি এটাও প্রশ্ন করেছেন যে, ‘এই তিন দিন যে সাধারণ মানুষের দুর্ভোগ হল তার দায় কার?’ তিনি বলেন, ‘আমফান কখন কোথায় কতটা গতি নিয়ে আঘাত হানবে তা নিপুণ ভাবে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। তার পরও সরকার কেন আগাম প্রস্তুতি নিতে পারল না? কেন সেনাবাহিনীর সঙ্গে কথা বলে কেন উদ্ধারকাজের রূপরেখা ঠিক করে রাখা হল না?’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা।





