গতকাল, রবিবার, রাজ্যে ছিল ভোটগণনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিত হাসিল করে নিলেও কয়েকটি কেন্দ্রে লেগেছে গেরুয়া রঙ। গতকাল তৃনমূল জিতে যাওয়ার পর থেকেই নানা জায়গা থেকে তৃণমূলের বিরদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনে বিজেপি। এমনকি, বিজেপির জয়ী প্রার্থীদের উপরও হামলা করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নন্দীগ্রামের পর এবার এমনই এক অভিযোগ উঠল নদিয়ার চাকদা থেকে। অভিযোগ, গতকাল, রবিবার রাতে চাকদার জয়ী প্রার্থী বিজেপির বঙ্কিম ঘোষের বাড়িতে হামলা চালানো হয়েছে তৃণমূলের তরফে। এমনকি তাঁর বাড়ির জানলার কাচ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
অভিযোগ, রবিবার গভীর রাতে হরিণঘাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্জের বাসিন্দা বঙ্কিমবাবুর বাড়িতে হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। ইট ছুড়ে ভাঙা হয় বাড়ির জানলার কাচ। রবিবারের ভোটগণনায় চাকদা কেন্দ্রে তৃণমূলপ্রার্থীকে ১০,০০০-এরও বেশি ভোটে হারিয়ে জিত হাসিল করে নেন বঙ্কিমবাবু।
জয়ী বিজেপি প্রার্থীর অভিযোগ, “এলাকায় সন্ত্রাস ছড়াতে এই কাজ করেছে তৃণমূলের গুন্ডারা। ঘটনায় আমার পরিবার আতঙ্কিত। পুলিশকে বিষয়টি জানিয়েছি”।
আরও পড়ুন- বিয়েবাড়িতে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন, শেষে নিজের পদ ছাড়লেন ত্রিপুরার সেই জেলাশাসক
তবে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের পাল্টা দাবী, বিজেপির গোষ্ঠীদ্বন্দের জেরেই এই হামলা হয়েছে।





