গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে বাধাপ্রাপ্ত হয়েছিল শীত। আর এবার ফের শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। তাপমাত্রার উঠা-নামা এখন চলতেই থাকবে বঙ্গে, এমনটাই জানাল হাওয়া অফিস। জাঁকিয়ে শীত কবে পড়বে, এখন সেই আশাতেই দিন গুনছে বঙ্গবাসী।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের কিছু জলায় তাপমাত্রা বেশ কমবে। পশ্চিমের জেলাগুলিতেই তাপমাত্রা ১০-১২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে খবর। নানান জেলাতেই তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে। কিন্তু এরই মধ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা। এর ফলে বাধা পাবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহেই শুরুতেই ফের রাজ্যের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা। বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। ফলে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। তবে দক্ষিণবঙ্গে এর মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর ও মালদহেও সোমবার বা মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭-৯০ শতাংশ।





