আকাশ থেকে সরেছে মেঘ, ঢুকছে উত্তুরে হাওয়া, কালীপুজোর আগেই কী জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বঙ্গে?

মেঘের ঘনঘটা কেটে এখন শীতের আমেজ, ভোরের দিকে বেশ ভালোই শিরশিরানি অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রাও কমেছে। তাহলে কী শীত পড়েই গেল? এখন এই প্রশ্নই ঘুরছে বঙ্গবাসীর মনে।

কী জানাল হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে এখনই তাপমাত্রা ২০-এর নীচে। বঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকছে ঠিকই, তবে শীত আসতে এখনও দেরি, এমনটাই জানালেন আবহবিদরা। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

মাঝে কিছুদিন ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে আবহাওয়ায় বেশ বদল এসেছিল। কার্তিক মাস পড়তেই তাপমাত্রাও বেড়েছিল খানিকটা যা স্বাভাবিকের থেকে বেশি। রাজ্যে পূবালী হাওয়ার কারণেই এমনটা হয়েছিল বলে জানায় হাওয়া অফিস।

তবে সপ্তাহের প্রথমদিন থেকেই ফের আবহাওয়ায় এসেছে বদল। রাতের দিকে আর ভোরের দিকে বেশ শিরশিরানি অনুভূত হচ্ছে। হেমন্তের হাওয়া এখন পরিবেশে। কালীপুজোর আগে কী জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিসের কথায়, এখনও ভালোভাবে শীত উপভোগ করার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।   

জানা যাচ্ছে, রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। কলকাতায় সকাল ও সন্ধেয় ফুরফুরে শীতের আমেজ টের পাওয়া যাবে। পশ্চিমের জেলাগুলিতে একটু আগেই শীত আসবে বলে জানাল হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles