মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই কলকাতায় বাজে কদমতলা গঙ্গা ঘাটে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ন্যায় শুরু হয়েছে গঙ্গা আরতি। এবার সেই ঘাটেই পালিত হবে দেব দীপাবলিও যা বারাণসীর দশাশ্বমেধ ঘাটের অন্যতম আকর্ষণ। এই বিশেষ উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে এই আমন্ত্রণপত্র নবান্নে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
কার্তিক পূর্ণিমার দিন দেশের নানান প্রান্তে পালিত হয় দেব দীপাবলি। এবার এই দেব দীপাবলি পালিত হবে আগামী ২৫ ও ২৫ নভেম্বর। এইদিনে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও ঘাট সেজে ওঠে লক্ষ লক্ষ প্রদীপে। সেই দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন এখানে।
এবার সেই দৃশ্যের সাক্ষী থাকবে কলকাতাবাসীও। প্রায় দশ হাজার প্রদীপে এবার দেব দীপাবলিতে সেজে উঠবে কলকাতার গঙ্গা ঘাট। প্রদীপ জ্বালিয়েই পালিত হবে এই বিশেষ উৎসব। কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সামিল হতে পারেন।
বলে রাখি, ২০২১ সালে কাশী বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার দেব দীপাবলির ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। এই বছর কলকাতার গঙ্গা ঘাটেও দেখা মিলবে এক টুকরো বারাণসীর।
এই দেব দীপাবলি আসলে কী?
কথিত রয়েছে, কার্তিক মাসই হল আধ্যাত্মিক শক্তিলাভের শেষ মাস। কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। সেই কারণে এই দিনটি হিন্দু ধর্মে মানুষ গুরুত্বের সঙ্গে পালন করেন। এই দিনকে আবার ‘শিব দীপাবলি’ বলা হয়ে থাকে। মূলত দেশের হিন্দি বলয়ে জাঁকজমক করে পালিত হয় এই দিনটি। এই দিনটি পালনের জন্য দীপাবলি উৎসবের পর এই কার্তিক পূর্ণিমায় বারাণসী, কাশীর ঘাটগুলি অজস্র প্রদীপে আলোকিত করা হয়।





