দীর্ঘ বছর ধরেই একভাবে প্রেমের প্রস্তাব। কিন্তু তরুণী তাতে সায় না দেওয়ায় বাড়িতে ঢুকে তরুণীকে ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মা-ও। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম বাপ্পা গুছাইত। নির্যাতিতার অভিযোগ, ওই বিজেপি নেতা নাকি তাঁকে স্কুলজীবন থেকেই উত্যক্ত করত। বারবার প্রেমের প্রস্তাব দিত সে। তবে তরুণী তাতে রাজি হন নি। এমনকি, প্রাণনাশের হুমকিও দিত বলে অভিযোগ।
এমনকি, সম্প্রতি কাজে যাওয়া আসার পথে তরুণীর থেকে ফোন নম্বরও চাইত ওই বিজেপি নেতা। কুপ্রস্তাবও দিত বলে অভিযোগ। বারবার প্রত্যাখ্যান করতেন তরুণী। তরুণী জানান, গতকাল, বুধবার তিনি যখন কাজ থেকে ফিরছিলেন, তখন তাঁর পিছু নেয় অভিযুক্ত নেতা। জোর করে বাড়িতেও ঢুকে পড়ে সে।
নির্যাতিতার অভিযোগ, তাঁর পোশাক ধরে টানাটানি করে অভিযুক্ত। এমন ঘটনা দেখে মেয়েকে বাঁচাতে ছুটে আসেন মা। কিন্তু অভিযোগ, মা-কেও মারধর করা হয়। মা ও মেয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা জড়ো হন সেখানে। বিপদ বুঝে পালায় অভিযুক্ত।
স্থানীয়দের অভিযোগ, এই বাপ্পা গুছাইত এলাকায় অনেক মেয়েকেই এভাবে উত্যক্ত করত। কাউকে পছন্দ হলেই ফোন নম্বর চাইত বারবার। অভিযুক্তর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বটে তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।





