লজের মধ্যে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উধাও মহিলার সঙ্গী, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা!

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যখন রাজ্যের দিকে দিকে প্রতিবাদ-আন্দোলন চলছে, সেই সময় ফের সামনে এল এক ধর্ষণ-খুনের ঘটনার অভিযোগ। লজ থেকে উদ্ধার এক মহিলার দেহ। তাঁর সঙ্গীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। তদন্তে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের এক লজে। জানা গিয়েছে, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা ওই মহিলার পূর্বপরিচিত। গতকাল, শুক্রবার একসঙ্গেই ক্যানিংয়ের ওই লজে উঠেছিলেন তারা। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মহিলা। লজের কর্মীদের সাহায্যেই ক্যানিং বাজারের কাছে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয় মহিলাকে।

তবে সেখানে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে জানান চিকিৎসক। একথা শুনেই সকলের নজর এড়িয়ে পালান মহিলার ওই সঙ্গী। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খোঁজ চলছে মহিলার সঙ্গী মহসিন নামের যুবকের। গতকাল, শুক্রবার রাতেই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত মহিলার দাদা।

এই ঘটনা প্রসঙ্গে লজের ম্যানেজার শুভঙ্কর সেনাপতি জানিয়েছেন, “গতকাল সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে সই করে লজে ঢোকেন ওঁরা। ঘরের ভিতরের কোনও ফুটেজ আমাদের কাছে থাকে না। কিছু ক্ষণ পর ওই যুবক জানান, মহিলার শ্বাসকষ্ট হচ্ছে। আমরাও যাই। ওই যুবক মহিলাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন। এর পর আমরা সকলে মিলে ওঁকে ডাক্তারের কাছে নিয়ে যাই”।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার একসঙ্গেই লজে ঢুকেছিলেন ওই মহিলা ও অভিযুক্ত যুবক। কিছুক্ষণ পর দু’জনের মধ্যে বচসা বাঁধে। সেই আওয়াজ ঘরের বাইরেও শোনা যায় বলে জানিয়েছেন লজের কর্মীরা। এরপরই মহসিন জানান, ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছে। কী কারণে অসুস্থতা, তা জানান নি অভিযুক্ত। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে প্রতিবাদ জানানোয় তৃণমূলের হুমকি, এবার দলীয় কার্যালয়ে উদ্ধার সেই বিজেপি কর্মীরই রক্তাক্ত দেহ, রাজনৈতিক খুন?

কী কারণে মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মহিলা কী হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেলেন নাকি তাঁকে খুন করা হয়েছে? মহসিনই বা কেন পালিয়ে গেলেন, এমন নানান প্রশ্ন উঠছে এই মুহূর্তে। মহসিনের বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালালেও তার হদিশ মেলেনি। তদন্ত চালাচ্ছে পুলিশ।

RELATED Articles