চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূল কর্মী সেজে অভিষেকের কাছে নালিশ মহিলার

পরনে ছিল নীল-সাদা শাড়ি, শাড়িতে লাগানো তৃণমূলের ব্যাচ। যে কেউ দেখলে ভাববেন তিনি বুঝি তৃণমূল কর্মী (TMC worker)। এই সাজেই মহিলা হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায়। আর অভিষেকের সামনে তৃণমূল নেতার অত্যাচার নিয়ে নালিশ জানান তিনি। ঘটনাটি ঘটে গতকাল, বুধবার বাঁকুড়ার (Bankura) ওন্দা স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়।

জানা গিয়েছে, ওই মহিলা রামসাগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। নাম প্রিয়াঙ্কা গোস্বামী। তৃণমূল কর্মী সেজে অভিষেকের সভায় হাজির হন তিনি। তাঁর অভিযোগ, এলাকার তৃণমূল নেতা আশিস দে চাকরি দেওয়ার নাম করে একাধিক লোকের থেকে বিপুল টাকা নিয়েছেন। কাউকে চাকরি তো দেন নি, আর টাকা ফেরত চাইতে গেলে হেনস্থার শিকার হতে হচ্ছে। তিনি নিজেও এই হেনস্থার শিকার। তাঁর অভিযোগ, তাদের বাড়ি, দোকান ভেঙে ফেলা হয়েছে।  

প্রিয়াঙ্কার আরও অভিযোগ, করোনাকালে তিনি এবং কয়েকজন কর্মী এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। সেই বাবদ কোনও পারিশ্রমিক পাননি। শুধু আশিসই নন। প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ’র বিরুদ্ধেও সুর চড়ান ওই মহিলা।

এদিন সভাস্থলে এমন কাণ্ডের জেরে বেশ শোরগোল পড়ে যায়। এদিন অভিষেকের বক্তব্য শেষ হতেই দর্শকাসন থেকেই চিৎকার করে অভিযোগ জানাতে শুরু করে দেন প্রিয়াঙ্কা। তা শুনে পুলিশ ও অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ছুটে যান মহিলার কাছে। তবে সমস্ত বাধা পেরিয়ে অভিষেকের কাছে গিয়ে নিজের উপর হওয়া অত্যাচারের কাহিনী জানান প্রিয়াঙ্কা।

মহিলার থেকে সমস্ত ঘটনা শোনার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সভাস্থল ছাড়েন ওই মহিলা। এই ঘটনার ঘোর কাটার পরই প্রিয়াঙ্কাকে তীর্যক ভাষায় কটাক্ষ করতে থাকেন সেখানে উপস্থিত তৃণমূল নেতা-কর্মীরা।

প্রিয়াঙ্কাকে সভাস্থল থেকে নিরাপদে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল নেত্রী মৌ সেনগুপ্ত। এই ঘটনা প্রসঙ্গে অরূপ খাঁ বলেন, “কে, কোথায়, কার সঙ্গে প্রতারণা করবে, তার দায় আমি নেব কী করে”?

RELATED Articles