৪০ ডিগ্রি পেরিয়ে যাবে শহরের তাপমাত্রা, প্রখর দাবদাহে পুড়বে বাংলা, তাপপ্রবাহের জেরে আজ থেকেই কলকাতা-সহ ৮ জেলায় জারি কমলা সতর্কতা

প্রচণ্ড দাবদাহে যেন গোটা রাজ্য পুড়ছে। ছিটেফোঁটা বৃষ্টির আশাও আপাতত নেই। এরই মধ্যে নতুন করে আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। তাপপ্রবাহের পর যে আদৌ বৃষ্টি হবে কী না, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আজ, বৃহস্পতিবার তাপমাত্রা আর বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির কাছাকাছি। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ১৬ শতাংশ।

আগামী কয়েকদিনে রাজ্যে তীব্র গরম পড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এর পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা নেই এখন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে তাপপ্রবাহ না হলেও দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন আবহবিদরা।

জানা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে অত্যন্ত কম জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। সেই কারণে এমন তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চড়া রোদে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এই তাপপ্রবাহের জেরে জন্য সাধারণ মানুষ যাতে কোনওভাবেই অসুস্থ না হয়ে পড়েন সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশি করে জল খাওয়া, হালকা সুতির পোশাক পরা, তেল-মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকা, ফল খাওয়া, ছাতা নিয়ে বাইরে বার হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।

RELATED Articles