সামনেই ধূপগুড়িতে উপনির্বাচন। প্রার্থীর হয়ে প্রচারে যেতেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। মন্ত্রীকে কাছে পেয়েই রেশনে দেওয়ার খাবার সামগ্রীর মান নিয়ে অভিযোগ করেন চা শ্রমিকরা। খাওয়ার উপযোগী নয় রেশনে দেওয়া খাবার সামগ্রী, তা জানান তারা।
আজ, শুক্রবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রচারে বৃহস্পতিবার মোগলকাটা চা বগানে গিয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি। বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, জেলা পরিষদের সদস্য বিমল মাহালি-সহ ব্লক নেতৃত্ব। এদিন মন্ত্রী চা বাগান এলাকায় ঘুরে ভোট প্রচার করেন। সেসময়ই তাঁর কাছে সমস্ত অভিযোগ জানান চা শ্রমিকরা।
কী অভিযোগ চা শ্রমিকদের?
তাদের অভিযোগ, “রেশনে আসা সামগ্রী অত্যন্ত নিন্মমানের। আতপ চাল, আটা সহ যা আসে তা খাওয়ার উপযোগী নয়। বারবার বললেও স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে কোন উদ্যোগ নেন না”।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমন কথা শুনে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন মন্ত্রী। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জোৎস্নাদেবী শ্রমিকদের জানান, চা বাগানের রেশন সমস্যা তার জানা নেই। তিনি বিষয়টি লিখে নিয়ে যান। মন্ত্রী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। দফতরে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব”।
বলে রাখি, হাতে মাত্র ৪ দিন। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপ নির্বাচন। ইতিমধ্যে ধূপগুড়ির উপ নির্বাচনকে ঘিরে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের হয়ে প্রচার করবেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আগামীকাল, শনিবার এখানে প্রচারে আসবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।





