এর আগেও একাধিকবার নানান বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। আর এবার তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ। ইডির কাছে জমা পড়েছে সেই অভিযোগ। এবার সেই বিতর্ক প্রসঙ্গে প্রথমবার মুখ নুসরতের ‘স্বামী’ বিজেপি নেতা যশ দাশগুপ্ত। নুসরত নিজেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন যে তাঁকে ইডি ডাকবে না।
কী বলেছেন যশ?
সদ্যই এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সেই অনুষ্ঠানে নুসরতের বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন যশ। জবাবে অভিনেতা সাফ জানান, “কে কী বলছে কিছু যায় আসে না। আদালত যেটা বলবে শেষ পর্যন্ত সেটাই মানতে হবে। তাই তার জন্যই অপেক্ষা করা উচিত। তার পরে না হয় আমরা উত্তর দেব”।
নুসরত কী জবাব দিলেন?
অন্যদিকে, এই একই বিষয় নিয়ে প্রশ্ন করায় নুসরতও বলেন, “আমার যা বলার ছিল তা তো বুধবার সাংবাদিক বৈঠকে বলেছি। স্পষ্ট করে বলেছি”। কিন্তু তাঁর বিরুদ্ধে যে ইডির কাছে অভিযোগ জমা পড়েছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কে বারবার ইডি তদন্তের দাবী জানাচ্ছেন। এই বিষয়ে নুসরত বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “ইডি আমাকে ডাকবে না”।
কী অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে?
ফ্ল্যাট তৈরি করার নামে সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার মাধ্যে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। এই প্রতারণার টাকায় তিনি নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে প্রথম সরব হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এরপর একাধিক বিজেপি নেতা সরব হন নুসরতের বিরুদ্ধে।
সাংবাদিক সম্মেলন করে কী বলেছিলেন নুসরত?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছিলেন নুসরত। তিনি আরও দাবী করেন, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থেকে তিনি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নিয়েছিলেন। পরবর্তীতে তিনি তা সুদ সমেত ফিরিয়ে দিয়েছেন। এই লেনদেন নথি তাঁর কাছে রয়েছেন বলেও দাবী করেছিলেন অভিনেত্রী। এর পাশাপাশি তাঁর আরও দাবী ছিল, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন।





