প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার লোভে ৬ লক্ষ টাকা ঘুষ, তা-ও মেলেনি চাকরি, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য লালগোলায়

প্রাথমিক স্কুলে চাকরির আশায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন। তাও মেলেনি চাকরি। হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত ওই যুবকের নাম আব্দুর রহমান শেখ। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে প্রতারণার কথা উল্লেখ করেছেন আত্মঘাতী ওই যুবক। আব্দুরের বাবা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলায়।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য ছয় লক্ষ টাকা দিয়েছিলেন ওই যুবক। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও মেলেনি চাকরি। এমনকি চাকরির জন্য যে সমস্ত নথি তিনি দিয়েছিলেন, সেগুলোও ফেরত দেওয়া হয়নি তাঁকে। প্রতারিত হয়ে গত মঙ্গলবার বাড়ির কাছে চাষের জমিতে আত্মঘাতী হন লালাগোলার চাকরি প্রার্থী ওই যুবক।

আত্মঘাতী হওয়া ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা পাইকপাড়া অঞ্চলের সারপাখিয়া গ্রামে। তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোট অনুযায়ী, আত্মঘাতী ওই যুবক প্রথমে এসএসসি গ্রুপ ডি-র জন্য পরীক্ষা দিয়েছিলেন। রেহেসান শেখের মাধ্যমে দিবাকর কনুই নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় ওই যুবকের।

জানা গিয়েছে, দিবাকরের বাড়ি কান্দিতে হলেও তিনি কলকাতায় থাকতেন। ওই দিবাকরই আত্মঘাতী ওই যুবককে প্রাথমিক স্কুলে চাকরির লোভ দেখান। এই করে দফায় দফায় তার থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু তাও চাকরি হয়নি আব্দুর রহমানের। টাকা ফেরত চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হয় বলে সুইসাইড নোটে লিখে গিয়েছেন আত্মঘাতী যুবক।

গত মঙ্গলবার সকালে তিনি আত্মঘাতী হলে তা জানতে পেরে তড়িঘড়ি আব্দুরের দেহ উদ্ধার করে আনে পরিবারের লোকজন। কোনও ময়নাতদন্ত ছাড়া ওইদিনই দেহ কবর দেওয়া হয়।  পরে জানাজানি হয় ঘটনাটি। এই ঘটনায় মধ্যস্থতাকারী সন্দেহে রেহেসান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, “বংলা জুড়ে নৈরাজ্য চলছে। মুখ্যমন্ত্রী প্রতিদিন ঠাকুর উদ্বোধন করছেন। আর অন্য দিকে কুকীর্তির উন্মোচন হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে বড় কোনও প্রতারণা চক্র জড়িত রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

RELATED Articles