Fact Check: এবার Zee 24 Ghanta! আরব সাগরের পুরনো ভিডিওকে যশের ভিডিও বলে চালাল এই নিউজ চ্যানেল

ঘূর্ণিঝড় যশের প্রভাব এখনও কাটেনি। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এই ঝড়ের প্রভাবে আজ সকাল থেকেই নেমেছে বৃষ্টি। কোথাও ভারী ও কোথাও মাঝারি। প্লাবিত হয়েছে নানান জায়গা।

গতকাল এই ঘূর্ণিঝড় যশ ওড়িশার ধামড়ায় আছড়ে পড়ে। এর জেরে ক্ষয়ক্ষতি হয় প্রচুর। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। নানান সংবাদমাধ্যমের পক্ষ থেকেই এই ঝড়ের নানান ফুটেজ দেখানো হয়েছে।

তবে এর মধ্যে বেশ কিছু জাল ভিডিওও রয়েছে। আর তা কোনও সাধারণ জনগণ নন, বরং জনপ্রিয় কিছু সংবাদমাধ্যম থেকেই শেয়ার করা হয়েছে।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। এরকমই কিছু সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে বাংলা সংবাদ জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি ২৪ ঘণ্টা (Zee 24 Ghanta)। গতকাল যশের প্রভাবে এই রাজ্যে কোথায় কী পরিস্থিতি তা যেমন তুলে ধরেছেন জি ২৪ ঘণ্টার সাংবাদিকরা, ঠিক তেমনিই আবার ওড়িশাতে যশের কী ধ্বংসলীলা, তাও দেখানো হয়েছে।

আরও পড়ুন- ভিডিও বিতর্ক! উরুগুয়ের টর্নেডোর পুরনো ভিডিওকেই ঘূর্ণিঝড় যশের ভিডিও বলে দাবী করল এবিপি আনন্দ

এর মধ্যেই ঘটল গণ্ডগোল। জি ২৪ ঘণ্টার তরফে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় যশের প্রভাবে প্রচণ্ড জলের তোড় গ্রাস করছে বালাশোরের ভদ্রক ব্রিজকে। ভেঙ্গেও পড়ে সেই ব্রিজ। কিন্তু এই ভিডিওর ঘটনাটি আসলে গতকালের নয়। এটি একটি পুরনো ভিডিও।

জি ২৪ ঘণ্টার শেয়ার করা ভিডিওঃ

এই ভিডিওটি প্রায় ৩ বছর পুরনো একটি ভিডিও। যে জলের তোড় দেখানো হয়েছে তা আসলে উত্তাল আরব সাগর আর সংশ্লিষ্ট ব্রিজটি হল লাক্ষাদ্বীপের একটি ব্রিজ। খুব সম্ভবত টিআরপির জন্যেই পুরনো এই ভিডিওকে গতকালের যশের প্রভাবের  ভিডিও বলে দাবী করে জি ২৪ ঘণ্টা। যদিও এখন এই ভিডিওটি তাদের ফেসবুক পেজ থেকে মুছে দেওয়া হয়েছে।

আসল ভিডিওঃ

শুধু জি ২৪ ঘণ্টাই নয়, গতকাল ঘূর্ণিঝড় যশের এমন ভুয়ো ভিডিও শেয়ার করে এবিপি আনন্দও। সেই প্রতিবেদনও রয়েছে আমাদের পোর্টালে।

আরও অন্যান্য খবর