দিল্লিতে খেলা হবে! এনডিএ কী সরকার গড়বে? নাকি ইন্ডি জোট বসবে দিল্লির মসনদে?ফের পাল্টি খাওয়ার পথে নীতিশ কুমার

আজ মঙ্গলবার। লোকসভা ভোটের ফল ঘোষণার দিন। বুথ ফেরত সমীক্ষার ফল উলটে দেশের লোকসভা নির্বাচনে জমজমাট লড়াই। আগামীকাল অর্থাৎ বুধবার ছিল ইন্ডি (I.N. D.I. A) জোটের বৈঠকে বসার সূচি। ওই একইদিনে এবার বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA) জোটও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মূলত, ভোটের ফলাফল এবং সরকার গড়ার বিষয়ে আলোচনা করতেই বসতে চলেছে এনডিএ জোটের এই বৈঠক।

মঙ্গলবার সকাল থেকে চলছে ভোট গণনা। ইতিমধ্যে ফলাফল বলছে, এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৫টি আসনে। ইন্ডিয়া জোট ২৩০ ও অন্যান্যরা ১৮টি আসনে। অর্থাৎ পদ্ম শিবিরে আসনের অঙ্ক বলছে ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই। ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইন্ডি জোটও। ফলে পদ্ম শিবির যে খুব একটা স্বস্তিতে রয়েছে তা বলা যায় না।

একাধারে ইন্ডিয়া জোট শরিক বাড়ানোর চেষ্টা করছেন, অপরদিকে জোট ধরে রেখে সরকার গড়তে মরিয়া গেরুয়া শিবির। তাই বুধবারই শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে এনডিএ জোট। জোর কদমে প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে।

হাত গুটিয়ে বসে নেই ইন্ডি জোটও। ২৩০ আসনে এগিয়ে ঘর গোছাতে শুরু করেছে কংগ্রেসের অন্দরমহলও। জোট গড়ার শুরুতে নীতীশ কুমার প্রধান ভূমিকা নিলেও, পরবর্তীতে বিজেপির সঙ্গে হাত মেলান তিনি। ইন্ডিয়া জোট সার্বিকভাবে প্রায় ২৩০ আসনে এগিয়ে। এহেন পরিস্থিতিতে এনডিএ ভাঙাতে পারলে ফলাফল উলটে যেতে পারে বলে আশাবাদী বিরোধী শিবির।

সূত্রের খবর বলছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে ইন্ডি জোট। মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা শরদ পওয়ার ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন নীতীশের সঙ্গে। যদিও সবটাই নাকি জল্পনা। সংবাদমাধ্যমের কাছে ফোনালাপের কথা অস্বীকার করেছেন পওয়ার।

আরও অন্যান্য খবর