বাজির তীব্রতায় কষ্ট পাচ্ছিলেন হৃদরোগে আক্রান্ত মা, শব্দবাজির প্রতিবাদ করায় বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর ছেলেকে

ঘরে শুয়ে হৃদরোগে আক্রান্ত মহিলা। শব্দবাজির তীব্রতা ও ধোঁয়ায় কষ্ট পাচ্ছিলেন তিনি। ফলে শব্দবাজির ফাটানোর প্রতিবাদ করেছিলেন ছেলে। কিন্তু তার জেরে বেধড়ক মার খেতে হল যুবককে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে এন্টালি থানার আনন্দ পালিত রোডে। সেখানকার বাসিন্দা খুকুমণি কুণ্ডু হৃদরোগে আক্রান্ত। ভাইফোঁটার দিন তাঁর বাড়ির সামনেই শব্দবাজি ফাটাচ্ছিল একদল যুবক। ফলে তাদের শব্দবাজি ফাটাতে বারণ করেন মহিলার স্বামী সুশীল কুণ্ডু। তা নিয়ে ওই যুবকদের সঙ্গে বচসা বাঁধে তাঁর। সেই সময় এর প্রতিবাদ করেন মহিলার ছেলে সায়ন কুণ্ডু।

বচসার জেরে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, এরপরই তাদের বাড়িতে চড়াও হয় কয়েকজন যুবক। প্রায় ১৫-২০ জন বাঁশ-লাঠি দিয়ে মারধর করতে থাকে সায়নকে। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবাও। এই ঘটনায় এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।  

আরও পড়ুনঃ ভয়ঙ্কর দুর্ঘটনা পাহাড়ে! নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের মধ্যে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২০ জনের, বাড়তে পারে মৃত্যুসংখ্যা

বলে রাখি, শুধুমাত্র এন্টালিই নয়, এই একই ধরণের ঘটনা ঘটেছে আজাদগড়েও। সেখানেও শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি সাউথকে অভিযোগ জানান যুবক।   

আরও অন্যান্য খবর